নেক্সকো ২০২৬: চ্যাম্পিয়ন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রানার্সআপ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম
নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কৃষি শিক্ষা, গবেষণা ও তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তাকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হলো ‘জাতীয় এক্সচেঞ্জ কো-অর্ডিনেটরস মিটিং—নেক্সকো ২০২৬’। কৃষি শিক্ষার্থীদের আন্তর্জাতিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস’ (ইয়াস)-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের মূল আকর্ষণ ‘হোস্ট পিচ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। আর দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে রানার্সআপের সাফল্য ছিনিয়ে নিয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)।
শুক্রবার (৩০ অক্টোবর) বাকৃবির চাষি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজন সম্পন্ন হয়।
বাংলাদেশে প্রথমবারের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইয়াস প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই নেক্সকো সম্মেলনের মূল লক্ষ্য ছিল কৃষি গবেষণা, আন্তর্জাতিক স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের নতুন পথ উন্মোচন এবং বিভিন্ন কমিটির মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করা।
হোস্ট পিচ প্রতিযোগিতা ও সেরা সম্ভাবনার লড়াই
প্রতিযোগিতার মূল থিম ছিল—ক্যাম্পাসের আশপাশে এমন সব সম্ভাবনাময় ক্ষেত্র চিহ্নিত করা, যেখান থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বাংলাদেশে এসে কৃষি, আধুনিক গবেষণা, মাশরুম চাষ ও মাঠপর্যায়ের কৃষি-উদ্যোগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
খুকৃবির প্রতিনিধি দল হিসেবে অংশ নেন শিক্ষার্থী ইশমাম বিনতে ওয়াহিদ, অতনু হাওলাদার ও পৃথ্বী বিশ্বাস। তারা খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) আধুনিক গবেষণা কার্যক্রম নিখুঁতভাবে তুলে ধরেন। পাশাপাশি ফুলতলার ‘সোপনো মাশরুম সেন্টার’ এবং ডুমুরিয়ার আলোচিত ‘কোচু নিউটন’ ও ‘চুই নোবডিপ’-এর খামার পরিদর্শনের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কৃষি-উদ্যোগের কৌশল উপস্থাপন করে বিচারকদের প্রশংসিত হন।
দিনব্যাপী আয়োজন ও সমাপনী
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ‘এক্সচেঞ্জ বুটক্যাম্প’, আন্তর্জাতিক এক্সচেঞ্জের খুঁটিনাটি আলোচনা এবং প্রতীক্ষিত হোস্ট পিচ প্রতিযোগিতা। বিকেলে ‘নো ইচ আদার’ শীর্ষক ভাববিনিময় পর্ব, বিশ্ববিদ্যালয় কৃষি জাদুঘর পরিদর্শন এবং বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে পর্দা নামে এই বর্ণিল উৎসবের।
আয়োজনে প্রধান অতিথি ও বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াস-বিএইউয়ের লোকাল ডিরেক্টর কে এম আসিফ আল-রেহমান সাম্য, জাতীয় এক্সচেঞ্জ সমন্বয়ক নাফিস উদ্দিন এবং ‘কোফ্রুট লাইফ’-এর প্রতিষ্ঠাতা খালিদ আহসান নাবিদ।
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তিস্তা ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) সহ দেশের ৬টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।