মেধার ক্যানভাসে নেতৃত্বের স্বপ্ন: জয়পুরহাটে শিক্ষার্থীদের নিয়ে পামডোর বর্ণাঢ্য উৎসব
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশ ঘটাতে জয়পুরহাটে ০৯ নভেম্বর, ২০২৬ অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাণবন্ত মেধাভিত্তিক প্রতিযোগিতা। শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, মননশীলতা এবং যুক্তিনির্ভর চিন্তার আলো ছড়িয়ে দিতে দিনব্যাপী আয়োজন করা হয় চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক উৎসব।
জয়পুরহাট সদর উপজেলা মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা 'পামডো' (PAMDO)-র উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (IFES)-এর সহযোগিতায় পরিচালিত ‘She Leads’ প্রকল্পের আওতায় এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
উৎসবে সদর উপজেলার তিনটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত ও উদ্দীপনাময় পরিবেশে অংশ নেয়।
শিক্ষক, সামাজিক সংগঠক ও উন্নয়নকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা লাইজু, পাথুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম এবং ভাদসা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত কুমার দাস।
আয়োজক সংস্থা পামডোর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তী সরকার, জেনারেল ম্যানেজার মোঃ শাহাবুর রহমান, কমিটির সদস্য দেবাশীষ পাহানসহ ‘She Leads’ প্রকল্পের মাস্টার ট্রেইনারবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে আত্মবিশ্বাস, যৌক্তিক বিশ্লেষণ ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলা জরুরি।
এ ধরনের প্রতিযোগিতা তরুণ শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও নেতৃত্বসুলভ গুণাবলি বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার ও শিক্ষা উপকরণ। নতুন শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাসে মেতে ওঠে। আয়োজকদের আশাবাদ, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল চর্চা ও মুক্তবুদ্ধির বিকাশে দীর্ঘমেয়াদে অনুপ্রেরণা জোগাবে।