শস্যদেবতার প্রতি কৃতজ্ঞতায় শ্রীপুরে গারোদের বর্ণিল ওয়ানগালা উৎসব

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

নতুন ফসল ঘরে তোলার আগে শস্যদেবতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে গারো জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব। গান, নৃত্য, কবিতা ও ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানে দিনব্যাপী এ আয়োজন হয়ে ওঠে গারো সংস্কৃতির এক মিলনমেলা।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার কেওয়াচালা গ্রামে ‘কেওয়াচালা ওয়ানগালা-২০২৬’ শিরোনামে এ উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলে রাত পর্যন্ত। এতে কেওয়াচালা ছাড়াও গাজীপুরের বিভিন্ন এলাকার গারো ও অন্যান্য নৃগোষ্ঠীর মানুষ অংশ নেন।

উৎসবের শুরুতে গারো সম্প্রদায়ের নিজস্ব রীতি ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা হয়। পরে মূল মঞ্চে মান্দি ভাষায় কবিতা আবৃত্তি, গান ও ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এসব পরিবেশনার মধ্য দিয়ে ফুটে ওঠে গারো জনগোষ্ঠীর নিজস্ব জীবনধারা, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা।

কেওয়াচালা ওয়ানগালা-২০২৬-এর নকমা ও শ্রীপুর উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অরণ্য ই. চিরান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চের পালক আনোয়ার হোসেন। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম মাহফুল হাসান হান্নানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উৎসবে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি এস এম রফিকুল ইসলাম বাচ্চু গারো সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এ অঞ্চলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের ও গভীর। তাদের আলাদা সংস্কৃতির মানুষ হিসেবে দূরে রাখার সুযোগ নেই; তারা আমাদেরই মানুষ। সবাইকে সঙ্গে নিয়েই সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com