ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ইস্কাফ সিরাপ ও বিদেশি মদসহ বিপুল মাদক জব্দ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৭১ বোতল ইস্কাফ সিরাপ ও ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯১ হাজার ৪০০ টাকা।

রোববার (২২ নভেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ চামুচা বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৯৬/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামের আব্দুল আজিজের আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ৪২ বোতল বিদেশি মদ (Cosmos Fifty) জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯১ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু, ইঞ্জিনিয়ার্স বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সব ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com