নিউমোনিয়া-ডায়রিয়ার প্রকোপ, সাতক্ষীরায় চাপে শিশু চিকিৎসাসেবা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে সাতক্ষীরায় শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার সংক্রমণ বেড়েছে। গত ৪৯ দিনে জেলার তিনটি হাসপাতালে এসব রোগে আক্রান্ত ৯৯০ শিশু ভর্তি হয়েছে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। বিশেষ করে সাতক্ষীরা সদর হাসপাতালে শয্যাসংকট তীব্র আকার ধারণ করেছে। শিশুদের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে ৬৪৩ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত ২৪৭ জন এবং ডায়রিয়ায় ৩৯৬ জন। একই সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৩ জন এবং বেসরকারি শিশু হাসপাতালে ১৬৪ জন শিশু ভর্তি হয়েছে। এ ছাড়া বেসরকারি শিশু হাসপাতালের বহির্বিভাগে আরও ৫ হাজার ৩২০ শিশু চিকিৎসা নিয়েছে। 

রোগীর চাপে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সাতক্ষীরা সদর হাসপাতাল। হাসপাতালটির শিশু ওয়ার্ডে অনুমোদিত শয্যা মাত্র ১৫টি। অথচ প্রতিদিন গড়ে ৯০ থেকে ১২০ শিশু ভর্তি থাকছে। অন্যদিকে ডায়রিয়া ওয়ার্ডে পাঁচটি শয্যার বিপরীতে রোগী থাকছে ২০ থেকে ৩০ জন। ফলে প্রয়োজনীয় শয্যা না পেয়ে অনেক শিশুকে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে। 

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুর রহমান বলেন, সীমিত শয্যার মধ্যে অতিরিক্ত রোগীর চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। 

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. সামছুর রহমান বলেন, আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দ্রুত জটিল আকার ধারণ করতে পারে। ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের দ্রুত পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই এসব রোগের লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল বারী বলেন, শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে শয্যাসংখ্যা বাড়ানো, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স পদায়ন এবং ওষুধ সরবরাহ নিশ্চিত করা দরকার। 

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম বলেন, ১৯৮০ সালে ৫০ শয্যা নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। পরে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও রোগীর চাপ অনেক বেশি। হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করার প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। মেডিকেল কলেজের প্রতিনিধি উপস্থিত না থাকায় একবার প্রস্তাবটি অনুমোদন পায়নি। বিষয়টি নিয়ে আবারও উদ্যোগ নেওয়া হবে। 

শীতের মৌসুমে শিশুদের রোগের সংক্রমণ ও হাসপাতালে রোগীর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে হাসপাতালের শয্যা, জনবল ও প্রয়োজনীয় ওষুধের সংকট দ্রুত সমাধান করা না গেলে সাতক্ষীরার শিশুদের চিকিৎসাসেবা আরও কঠিন হয়ে পড়বে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com