জয়পুরহাটে রাতের আঁধারে ১০ বিঘা জমির শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:০২ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের সতিঘাটা গ্রামে রাতের আঁধারে ১২ জন কৃষকের প্রায় ১০ বিঘা জমির শিমগাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ২৪ নভেম্বর সকালে কৃষকেরা জমিতে গিয়ে ফসল কাটা অবস্থায় দেখতে পান। 

এতে প্রায় ২ লাখ টাকা বিনিয়োগের পাশাপাশি আসন্ন মৌসুমে প্রায় ১৫ লাখ টাকার শিম বিক্রির স্বপ্ন ভেঙে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত কৃষক সূত্রে জানা যায়, উন্নত জাতের হাইব্রিড বীজ সংগ্রহ করে আগাম শিম চাষ শুরু করেছিলেন সতিঘাটা গ্রামের তফিকুল, ছাইদুল, সুলতান, সাহাজুল, মোশারফসহ ১২ জন কৃষক।

দীর্ঘদিনের শ্রম ও অর্থ ব্যয়ে পরিচর্যা করা গাছগুলোতে ইতোমধ্যে ফুল ও ফল ধরতে শুরু করেছিল। আর মাত্র দুই সপ্তাহ পর এসব শিম তুলে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তাঁদের। এরই মধ্যে সোমবার দিবাগত রাতে (মঙ্গলবার ভোরের আগে) দুর্বৃত্তরা খেতের শিমগাছগুলোর গোড়া কেটে দেয়। সকালে জমিতে গিয়ে এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পরেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

ভুক্তভোগী কৃষক আফছের জানান, ধারদেনা করে প্রায় ২৫ হাজার টাকা ব্যয়ে ৩৩ শতক জমিতে শিম চাষ করেছিলেন তিনি। ওই জমির শিম বিক্রি করে প্রায় তিন লাখ টাকা আয়ের আশা ছিল তাঁর। কিন্তু গাছ কেটে ফেলায় সব স্বপ্ন শেষ হয়ে গেছে। 

তিনি এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সরকারিভাবে ক্ষতিপূরণের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা আতাউল মল্লা বলেন, “ফসলের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান বলেন, “ঘটনাটি জেনেছি। সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে গেছেন। কৃষকেরা অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে কৃষি অফিসের বরাদ্দ ও সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।”

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com