আগামীকাল সেই ভয়াল ২২ নভেম্বর; ঘিওরে তেরশ্রীর গণহত্যা দিবস
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
আগামীকাল সেই ভয়াল ২২ নভেম্বর ! ১৯৭১ সালের এই দিনে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের বর্বর হত্যাযজ্ঞে প্রাণ হারান ৪৩ নিরীহ মানুষ । জমিদার সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী, তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানসহ নিরীহ গ্রামবাসীদের নৃশংস হত্যার সেই ঘটনা ইতিহাস ‘তেরশ্রী ট্রাজেডি’ নামে পরিচিত ।
মুক্তিযুদ্ধের ইতিহাসে এই হত্যাযজ্ঞ আজও বহন করে ভয়াবহ এক ক্ষতচিহ্ন । ১৯৭১ সালের ২১ নভেম্বর রাতে এদেশীয় দোসরদের নিয়ে তেরশ্রী গ্রামের সেনপাড়া কালীবাড়ি মাঠে গোপন বৈঠক করে পাকিস্তানি হানাদার বাহিনী । ওই বৈঠকেই পরিকল্পনা করা হয় পরদিনের হত্যাযজ্ঞ । ২২ নভেম্বর রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় গ্রামে চালানো হয় নারকীয় গণহত্যা । বেয়ওনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করা হয় ৪৩ নিরীহ মানুষকে । হত্যাযজ্ঞের পাশাপাশি পুরো গ্রাম ও বাজারে চালানো হয় অগ্নিসংযোগ ।
শহীদদের স্মরণে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী গ্রামে নির্মিত হয়েছে গণহত্যা স্মৃতিস্তম্ভ । ঘিওর-দৌলতপুর ভায়া টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভটি মূল বেদির ওপর ৩০ ও ১৭ ফুট উচ্চতার দুটি স্তম্ভ নিয়ে নির্মিত । স্তম্ভের গায়ে মার্বেল পাথরে খোদাই করা ৩৬ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে । বাকি সাতজনের নাম জানা যায়নি । ১৯৯৪ সালের ২৭ ডিসেম্বর স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করা হয় । গণহত্যায় ৪৩ জন শহীদ হলেও সবার নাম সংরক্ষণ করা সম্ভব হয়নি—ইতিহাসের এই অসম্পূর্ণতাও বহন করছে স্মৃতিস্তম্ভটি ।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ অনুযায়ী, পরিচয় শনাক্ত হওয়া শহীদদের তালিকায় রয়েছেন জমিদার সিদ্ধেশ্বরী রায় প্রসাদ চৌধুরী, তেরশ্রী কলেজের অধ্যক্ষ মো. আতিয়ার রহমান, কলেজের ছাত্র সাধন কুমার ও বিপ্লব কুমার সাহা, জমিদার বাড়ির পূজারি সচীন্দ্রনাথ গোস্বামী, কলেজের দপ্তরি মাখন চন্দ্র সরকার, মহেন্দ্রনাথ সরকার, নিতাই চন্দ্র দাস, শ্যামলাল সূত্রধর, জগদীশ চন্দ্র দাস, যোগেশ সূত্রধর, নারায়ণ সূত্রধর, রামচরণ সূত্রধর, রমজান আলী, যোগেশ ঘোষ ও জ্ঞানেন্দ্র ঘোষসহ তেরশ্রী ও আশপাশের এলাকার শহীদরা । বরুরিয়া গ্রামের শহীদদের মধ্যে রয়েছেন দেলবর আলী, মাধব দত্ত, যাদব দত্ত, যুগেশ, শ্যামপদ নাগ, গেদা মিয়া, রাধাবল্লভ রায়, কছিম উদ্দিন, এখলাস মোল্লা, তফিল উদ্দিন, ওজ উদ্দিন, সাধুচরণ দাস, সুধন চন্দ্র দাস, সুরেন্দ্র দাস, মণীন্দ্র চন্দ্র দাস, গৌর চন্দ্র দাস, যোগেশ চন্দ্র দাস, শ্রীমন্ত দাস ও প্রাণ গোবিন্দ সাহা । পরিচয় শনাক্ত না হওয়ায় বাকি শহীদদের নাম স্মৃতিস্তম্ভে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি ।
প্রতি বছর ২২ নভেম্বর শহীদদের স্মরণে তেরশ্রী গণহত্যা দিবস পালন করা হয় । এ উপলক্ষে আগামীকাল রবিবার সকাল সাড়ে ৮টা থেকে জাতীয় পতাকা, কালো পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিয়েছে ঘিওর উপজেলা প্রশাসন । জেলা ও উপজেলা প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসব কর্মসূচিতে অংশ নেবেন । এছাড়া সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে বিএনপির দলীয় কর্মসূচি পালনের কথা রয়েছে ।
শহীদ জমিদার সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরীর একমাত্র সন্তান ও তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউটের শিক্ষক সমেশ্বর প্রসাদ রায় চৌধুরী সেই বিভীষিকাময় দিনের স্মৃতিচারণ করে বলেন, ‘আমি তখন ছোট । সেদিনের সেই কথা মনে পড়লে এখনও আমি স্তম্ভিত হয়ে যাই ।’
তিনি আক্ষেপ করে বলেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও নিহতদের পরিবারের খোঁজ রাখেনি কেউ । বিচার হয়নি এই হত্যাকাণ্ডের । শহীদ পরিবারের অসহায় সদস্যরা পাননি রাষ্ট্রীয় সম্মাননা কিংবা ন্যূনতম ভাতা । এখনো রাজাকাররা এ দেশের মাটিতে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। তিনি তাদের বিচার ও শাস্তি দেখে যেতে চান ।
রক্তাক্ত সেই ২২ নভেম্বরের স্মৃতি আজও তেরশ্রীবাসীর বুকে শোক, ক্ষোভ আর বিচারপ্রত্যাশার প্রতীক হয়ে আছে ।