সোনারগাঁওয়ে চলন্ত ট্রাকের উপর কভার ভ্যান উল্টে ট্রাক চালক নিহত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাস্তা ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়েছে। এতে ট্রাক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকের হেলপার।
ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে স্কয়ার নীট কম্পোজিট গার্মেন্টসের সামনে রোববার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের নাম মো. ইসমাইল (৪০)। হেলপার রায়হান হোসেন (২০) গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
তাঁরা দুজনই ফরিদপুর জেলার কোতোয়ালি থানার হারুকান্দি গ্রামের বাসিন্দা।
রোববার রাত ৯ টায় দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা ।
প্রত্যক্ষদর্শী পথচারী হানিফ জানান, রূপগঞ্জের গাউছিয়া থেকে কাঁচপুরের দিকে ফেরার পথে তিনি সড়কে একটি কাভার্ডভ্যানকে ট্রাকের ওপর উল্টে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারেন, কাভার্ডভ্যানটি বেপরোয়াভাবে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির ওপর উল্টে পড়ে। এতে ট্রাক চালক নিহত হন এবং হেলপার আহত হন। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে এবং রাত সাড়ে ৯ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।