ম্যানেজমেন্ট উইক ৭.০-তে বিজনেস কুইজ ‘বোর্ডরুম ব্যাটল’, চ্যাম্পিয়ন তাসনিয়া

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে ম্যানেজমেন্ট উইক ৭.০-এর চতুর্থ দিনে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ‘বোর্ডরুম ব্যাটল’। 

বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ২৩ নম্বর কক্ষে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার প্রথম পর্বে অনলাইনে কেস স্টাডি জমা নেওয়া হয়। সেখান থেকে নির্বাচিত সেরা ১৫ প্রতিযোগীকে নিয়ে সরাসরি দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়। এতে প্রতিযোগীদের ব্যবসায়িক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা যাচাই করা হয়।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা গ্রুপের ট্যালেন্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হাসান মাহমুদ সম্রাট। অনলাইন পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির অ্যাসোসিয়েট ম্যানেজার আবু সায়েম রিমন এবং বাংলালিংকের জোনাল ম্যানেজার মাহবুব এলাহী শুভ।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রুবেল, রাব্বির রাশেদীন তীর্ণ, মাহফুজুর রহমান, আফিফ বিন মুস্তাকিম, মাহাদী হাসান, মো. শুভ হাওলাদার ও মো. সালাউদ্দিন।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ম্যানেজমেন্ট বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী তাসনিয়া আক্তার ছোঁয়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। 

অ্যাকাউন্টিং বিভাগের ৫৩তম ব্যাচের নুসরাত আলম নীতি প্রথম রানারআপ এবং ম্যানেজমেন্ট বিভাগের ৫৫তম ব্যাচের তানভীর আহমেদ শিশির দ্বিতীয় রানারআপ হন।

ম্যানেজমেন্ট উইক ৭.০-এর অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যবসায়িক ধারণা ও বাস্তব পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com