আগুনে পুড়ল মামুনের ২০ বছরের স্বপ্ন, নিঃস্ব ব্যবসায়ী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের কালাই উপজেলার মোসলেমগঞ্জ হাটে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে মামুন সরকার নামের এক ব্যবসায়ীর ২০ বছরের সাজানো প্রতিষ্ঠান ‘নুরুন্নাহার কসমেটিকস’। এতে দীর্ঘ দুই দশকের পরিশ্রমে গড়ে তোলা স্বপ্নের ব্যবসা হারিয়ে এখন তিনি সম্পূর্ণ নিঃস্ব।
গত সোমবার ৯ নভেম্বর রাত ১০টার দিকে উপজেলার সরকার সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা মার্কেটের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে বিদ্যুৎ অফিসে খবর দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করান এবং নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মামুন সরকার কান্নাজড়িত কণ্ঠে জানান, দোকানটিকে তিনি সন্তানের মতো আগলে রেখেছিলেন এবং তার জীবনের সব সঞ্চয় এই প্রতিষ্ঠানেই ছিল।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, আগুনে প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে প্রায় ৬ লাখ টাকার মালামাল ভস্মীভূত ও ২০ লাখ টাকার মালামাল উদ্ধারের তথ্য জানানো হয়েছে।
কালাই থানার ওসি সাইদুল আলম ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে।