চট্টগ্রামে কিশোর হৃদয় হত্যা মামলায় ওয়াকিল বগার ৩ দিনের রিমান্ড
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর মোহাম্মদ হৃদয় (১৬) হত্যা মামলায় পুলিশের তালিকাভুক্ত অপরাধী ও স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৯ অক্টোবর একই আদালত ওয়াকিল হোসেন বগাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, পাহাড়তলীতে কিশোর মোহাম্মদ হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে নগরীর খুলশী থানাধীন পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে বাসা থেকে ডেকে নিয়ে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত হৃদয়ও ওই এলাকার একটি কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। কয়েক দিন আগে দলের কয়েকজনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ঘটনার রাতে তাকে বাসা থেকে ডেকে রাস্তায় নিয়ে প্রথমে কান কেটে দেওয়া হয়। পরে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, ওই এলাকায় ‘৫জি’ ও ‘৭জি’ নামে দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। নিহত হৃদয় পেশায় ভ্যানগাড়িতে সবজি বিক্রেতা ছিল এবং ‘৫জি’ গ্রুপের সদস্য হিসেবে পরিচিত ছিল। এ হত্যাকাণ্ডে ‘৭জি’ গ্রুপের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, এসব কিশোর গ্যাংয়ের কার্যক্রমের সঙ্গে নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার সংশ্লিষ্টতা রয়েছে। তবে মামলার তদন্তে এসব অভিযোগের সত্যতা ও হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।