বকেয়া ২৫ লাখ টাকা, হাবিপ্রবির তিন বিআরটিসি বাস চলাচল বন্ধ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:১৯ পিএম

নুরুজ্জামান, হাবিপ্রবি প্রতিনিধি

প্রায় পাঁচ মাসের বকেয়া বিল পরিশোধ না করায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন পুলে যুক্ত তিনটি বিআরটিসির দ্বিতল বাসের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বাসের ট্রিপ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা ও বিআরটিসি দিনাজপুর ডিপো সূত্রে জানা গেছে, নির্দিষ্ট সংখ্যক ট্রিপের বিপরীতে চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার সঙ্গে সমন্বয় করে তিনটি দ্বিতল বাস পরিচালনা করে আসছিল বিআরটিসি। তবে গত জুন মাস থেকে এসব বাসের ভাড়া পরিশোধ না হওয়ায় প্রায় পাঁচ মাসের বিল বকেয়া পড়ে। এ অবস্থায় বাস চলাচল বন্ধ রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখাকে চিঠি দিয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ।

এর পরিপ্রেক্ষিতে গত সোমবার (৯ নভেম্বর) তিনটি দ্বিতল বাস বাদ দিয়ে নতুন সময়সূচি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখা। এতে বাসের ট্রিপের সংখ্যা কমে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিআরটিসির বাস চালুর পাশাপাশি আগের মতো ট্রিপ সংখ্যা বহাল রাখার দাবি জানিয়েছেন।

বকেয়া বিলের বিষয়ে বিআরটিসি দিনাজপুর ডিপোর টিএ ভরত চন্দ্র রায় বলেন, গত জুন মাস থেকে ৯ নভেম্বর পর্যন্ত নিয়মিত ভাড়া এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিজনিত হিসাব মিলিয়ে ২৫ লাখ টাকার বেশি বকেয়া হয়েছে। এ অবস্থায় নিয়মিত ট্রিপ পরিচালনা করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান বলেন, বকেয়া বিল জমে যাওয়ায় সাময়িকভাবে বিআরটিসির বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। পুনরায় বাস চালু করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

তিনি আরও বলেন, আজ মঙ্গলবার (১০ নভেম্বর) এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে। আলোচনা ফলপ্রসূ হলে দ্রুত বকেয়া পরিশোধ করে আগামীকাল বুধবার থেকেই আগের সময়সূচি অনুযায়ী বাস চলাচল শুরু হতে পারে।

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে দ্রুত বকেয়া পরিশোধ করে বিআরটিসির বাসগুলো পুনরায় চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com