ক্যাম্পাস সাংবাদিকতা: নানামুখী চ্যালেঞ্জ ও সম্ভাবনার ‘আঁতুড়ঘর’
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
ভোরের সূর্য যেমন রাতের অন্ধকার দূর করে পুরো পৃথিবীকে আলোকিত করে, তেমনি বস্তুনিষ্ঠ সংবাদও দেশের প্রতিটি ঘটনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে অজ্ঞতার অন্ধকার দূর করে। সংবাদপত্রের জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি কিংবা অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিটগুলোর পাশাপাশি বর্তমান সময়ে অন্যতম সম্ভাবনাময় ও প্রভাব বিস্তারকারী বিট হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘ক্যাম্পাস সাংবাদিকতা’।
প্রবীণ ও খ্যাতনামা সাংবাদিকদের মতে, ক্যাম্পাস সাংবাদিকতা হলো গণমাধ্যমের ‘আঁতুড়ঘর’। প্রাতিষ্ঠানিক সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বা ডিগ্রি না থাকা সত্ত্বেও কেবল সাংবাদিকতার প্রতি প্রবল ভালোবাসা ও শেখার আগ্রহ থেকে শিক্ষার্থীরা এ পেশায় যুক্ত হন। শুরুতে সংবাদ সংগ্রহ ও লেখায় কিছুটা অপরিপক্বতা থাকলেও, সময়ের পরিক্রমায় অনুসন্ধানী কাজের মধ্য দিয়ে এখান থেকেই তৈরি হন দেশের খ্যাতনামা ও বরেণ্য সাংবাদিকরা।
স্বতন্ত্র ‘ছোট রাজ্য’ ও পরিধি:
বিশ্ববিদ্যালয়কে যদি একটি স্বতন্ত্র দেশ হিসেবে বিবেচনা করা হয়, তবে এর বাজেট, শিক্ষক-শিক্ষার্থী রাজনীতি, গবেষণা, ছাত্র-শিক্ষক সম্পর্ক, অবকাঠামোগত উন্নয়ন ও আবাসিক সংকট থেকে শুরু করে ইতিবাচক-নেতিবাচক সব ঘটনাই ক্যাম্পাস সাংবাদিকদের সংবাদের উপাদান। একজন পূর্ণকালীন জেলা প্রতিনিধি বা নির্দিষ্ট বিটের সাংবাদিকের চেয়ে ক্যাম্পাস সাংবাদিকদের কাজের পরিধি বহুলাংশে বিস্তৃত।
সাংবাদিকতার সুবাদে শিক্ষার্থীরা খুব অল্প সময়েই উপাচার্য, প্রক্টর, শিক্ষক থেকে শুরু করে সাধারণ কর্মচারী ও কর্মচারীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। একই সাথে সমাজ, রাজনীতি, অর্থনীতি ও শিল্প-সংস্কৃতি বিষয়ে জানার সুযোগ মেলায় তাদের বস্তুনিষ্ঠতা মূলধারার গণমাধ্যমে প্রবেশে বড় ভূমিকা রাখে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতি, প্রেসক্লাব ও ইয়ুথ জার্নালিস্ট ফোরামের মতো সংগঠনগুলো প্রশিক্ষণের আয়োজন করে তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে।
আর্থিক অনিশ্চয়তা ও অবমূল্যায়ন:
দিনরাত এক করে কাজ করলেও ক্যাম্পাস সাংবাদিকরা বরাবরই অর্থনৈতিকভাবে অবমূল্যায়িত। শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অধিকাংশের কাছেই ক্যাম্পাস প্রতিনিধিরা আজও ‘খণ্ডকালীন’ বা নামমাত্র সম্মানীর বিনিময়ে নিয়োজিত। অনেক ক্ষেত্রে সংবাদ হাউসগুলোর অনিচ্ছা ও অবহেলার কারণে মাসের পর মাস বিনাবেতনে কাজ করতে হয় তরুণ সাংবাদিকদের। একটি জেলা প্রতিনিধির চেয়ে সমপরিমাণ বা ক্ষেত্রবিশেষে বেশি কাজ করলেও এই আর্থিক টানাপোড়েন তরুণ সাংবাদিকদের হতাশায় ফেলে দেয়।
নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক চাপ:
সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, ক্যাম্পাস সাংবাদিকরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। ক্যাম্পাস একটি ছোট পরিসর হওয়ায় প্রতিবেদন প্রকাশের পরও সাংবাদিকদের সেই ক্যাম্পাসেই বসবাস করতে হয়। ফলে অপরাধের তথ্য প্রকাশ করলে তাদের সরাসরি নানা হুমকির মুখে পড়তে হয়।
প্রশাসনিক চাপ: বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রায়শই তাদের অদক্ষতা, অনিয়ম ও দুর্বলতা ঢাকা দিতে সাংবাদিকদের ওপর অপ্রকাশিত হয়রানি ও ছাত্রত্ব বাতিলের ভয় দেখায়।
ছাত্রসংগঠনের দৌরাত্ম্য: ক্ষমতাসীন ছাত্রসংগঠনগুলোর চাঁদাবাজি, টেন্ডারবাজি বা সংঘাতের সংবাদ প্রকাশ পেলে সাংবাদিকদের শারীরিক হামলা, নির্যাতন ও হুমকির শিকার হতে হয়।
অভ্যন্তরীণ কোন্দল ও পেশাদারিত্বের সংকট:
বাইরের চাপের পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতায় বড় হুমকি তৈরি করছে অভ্যন্তরীণ কোন্দল ও পেশাদারিত্বের অভাব। উপযুক্ত কেন্দ্রীয় নীতিমালা না থাকায় অনেক সময় অপসাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতা চর্চা হয়, যা শিক্ষক-শিক্ষার্থীদের চরিত্র হননে ব্যবহৃত হয়। এছাড়া দলীয় লেজুড়বৃত্তি, ক্ষমতার লোভ এবং মতাদর্শগত বিভাজনের কারণে সাংবাদিকদের একাধিক দলে বিভক্ত হয়ে পড়তে দেখা যায়, যা কখনো কখনো হাতাহাতি ও সংগঠন স্থগিত হওয়ার মতো অপ্রীতিকর ঘটনা ঘটায়।
ভবিষ্যৎ ভাবনা:
ক্যাম্পাস সাংবাদিকতার অবাধ বিকাশ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে গণমাধ্যম হাউসগুলোকে এগিয়ে আসতে হবে। তাদের সঠিক মূল্যায়ন ও সম্মান নিশ্চিত করা আবশ্যক। পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকদের দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সংশ্লিষ্টদের মতে, যদি তরুণ সাংবাদিকরা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখেন এবং বস্তুনিষ্ঠতা বজায় রেখে কলম চালিয়ে যান, তবে এই ‘ক্যাম্পাস হিরো’রাই আগামী দিনে বাংলাদেশের গণমাধ্যমকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন।