ইতিহাস, ঐতিহ্য ও আন্দোলন-সংগ্রামের সাক্ষী এই কলেজ

আজ ১১০ বছর পূর্ণ করল ‘উত্তরের অক্সফোর্ড’ খ্যাত কারমাইকেল কলেজ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট:

এক শতাব্দীরও বেশি সময় ধরে উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে রংপুরের কারমাইকেল কলেজ। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, পাকিস্তান আমলের রাজনৈতিক বাস্তবতা এবং স্বাধীন বাংলাদেশের নানা পালাবদলের সাক্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠান শুধু একটি কলেজ নয়, বৃহত্তর রংপুর অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক ইতিহাসেরও গুরুত্বপূর্ণ অংশ। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান আজ ১০ নভেম্বর ১১০ বছর পূর্ণ করল।

কলেজটির মূল ভবন স্থাপত্যশৈলীর জন্যও বিশেষভাবে পরিচিত। ইন্দো-সারাসেনিক রীতিতে নির্মিত ঐতিহাসিক ভবনটি প্রায় ৬১০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত। এর নির্মাণশৈলীতে উপমহাদেশের ঐতিহাসিক স্থাপত্যের প্রভাব রয়েছে। ভবনের মাঝের হলটি অন্নদা মোহন হল নামে পরিচিত। জমিদার অন্নদা মোহন রায় চৌধুরীর অবদানের স্মৃতি ধরে রাখতে এই নামকরণ করা হয়।

প্রায় ২০৬ একর জমির ওপর বিস্তৃত সবুজ ক্যাম্পাসটি রংপুর নগরীর লালবাগ এলাকায় অবস্থিত। বিশাল এই প্রাঙ্গণে রয়েছে প্রশাসনিক ও একাডেমিক ভবন, আবাসিক হল, ছাত্রীনিবাস, গ্রন্থাগার, মসজিদ, অডিটোরিয়াম, খেলার মাঠ, শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য। প্রায় ৭০ হাজার বইয়ের সংগ্রহ নিয়ে কলেজের গ্রন্থাগারটি শিক্ষার্থীদের জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিষ্ঠার সময় মাত্র ২৫০টি বই নিয়ে এই গ্রন্থাগারের যাত্রা শুরু হয়েছিল। ক্যাম্পাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র বাংলা মঞ্চ।

১৯১৬ সালের ১০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার গভর্নর লর্ড থমাস ডেভিড ব্যারন কারমাইকেল কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নামানুসারেই প্রতিষ্ঠানটির নাম রাখা হয় কারমাইকেল কলেজ। তবে এর পেছনে ছিল স্থানীয় জমিদার, শিক্ষানুরাগী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টা। সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলে অনেক বিদ্যালয় থাকলেও উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত কলেজ ছিল না। ফলে রংপুর, দিনাজপুর, ভারতের জলপাইগুড়ি, কোচবিহার, আসামসহ আশপাশের অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতেই একটি প্রথম শ্রেণির কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

কলেজ প্রতিষ্ঠার উদ্যোগে বিশেষ ভূমিকা রাখেন স্থানীয় জমিদার ও শিক্ষানুরাগীরা। কুন্ডির জমিদার মৃত্যুঞ্জয় রায় চৌধুরী প্রথমদিকে কলেজ প্রতিষ্ঠার জন্য ১২৫ বিঘা জমি দান করেছিলেন। পরে সুরেন্দ্রনাথ রায় চৌধুরীসহ বিভিন্ন জমিদার ও বিত্তবান ব্যক্তি জমি ও অর্থ দিয়ে এগিয়ে আসেন। ১৯১৩ সালে রংপুর সফরে এলে লর্ড কারমাইকেলকে দেওয়া নাগরিক সংবর্ধনায় কলেজ প্রতিষ্ঠার দাবি জানানো হয়। তার পরামর্শে তিন লাখ টাকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও ১৯১৬ সালের মধ্যে চার লাখ টাকার বেশি তহবিল গড়ে ওঠে।

প্রতিষ্ঠার পরপরই কলেজের নিজস্ব ভবন তৈরি না হওয়ায় রংপুর জেলা পরিষদ ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হতো। ১৯১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। পরে ১৯১৮ সালের ১২ ফেব্রুয়ারি কলেজের ঐতিহাসিক মূল ভবন উদ্বোধন করেন তৎকালীন বাংলার গভর্নর আর্ল অব রোনাল্ডস। ১৯২২ সালে উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগ এবং ১৯২৫ সালে বিজ্ঞান বিষয়ে স্নাতক পর্যায়ের পাঠদান শুরু হয়।

প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে কলেজটির শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন এসেছে। ১৯৪৭ সাল পর্যন্ত এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। দেশভাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যায় এবং ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সেই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। ১৯৬৩ সালের ১ জানুয়ারি কলেজটি সরকারীকরণ করা হয়। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এর অধিভুক্ত হয় প্রতিষ্ঠানটি।

কলেজের সাবেক শিক্ষার্থী লালমনিরহাটের ভাষা সৈনিক আব্দুল কাদের ভাসানী (৯২) বলেন, কারমাইকেল কলেজের ইতিহাস শিক্ষা বিস্তারের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের সঙ্গেও জড়িয়ে আছে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান আমলের নানা রাজনৈতিক কর্মসূচি এবং বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের সময়ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকসমাজের অংশগ্রহণ ছিল। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা এই ক্যাম্পাসের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতার পর ক্যাম্পাসে নির্মিত শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য সেই ইতিহাসের স্মারক হয়ে আছে। ‘কারমাইকেল কলেজ হচ্ছে আমাদের উত্তর জনপদের ‘অক্সফোর্ড’। এই কলেজের শিক্ষার্থী হতে পেরে আমি আজো গর্ববোধ করি,’ তিনি বলেন

কলেজের শিক্ষার্থীরা জানান, ১১০ বছরের পথচলায় কারমাইকেল কলেজের অর্জন যেমন রয়েছে, তেমনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনও রয়েছে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ, আবাসন, গ্রন্থাগার ও আধুনিক শিক্ষাসুবিধা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। ঐতিহ্যবাহী মূল ভবনসহ ক্যাম্পাসের স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণও গুরুত্বপূর্ণ। তারা এই কলেজের শিক্ষার্থী হতে পেরে নিজেদের গর্বিত মনে করেন।  

কলেজ সুত্র জানায়, বর্তমানে কলেজে উচ্চমাধ্যমিক, ডিগ্রি, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে ২১টি বিষয়ে প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। বিভিন্ন বিভাগে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের জন্য রয়েছে রোভার স্কাউট, বিএনসিসি, বিতর্ক, সাংস্কৃতিক সংগঠন ও ক্রীড়া কার্যক্রম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন।

কলেজটির বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন মণ্ডল নিজেও এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী। নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে পারাকে তিনি গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন। তার মতে, কারমাইকেল কলেজের দীর্ঘদিনের সুনাম ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ কাজ করছে। 

তিনি বলেন, একসময় উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দূরদূরান্তে যেতে হতো। সেই বাস্তবতা বদলে দিতে যে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল, ১১০ বছর পরও সেটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ও সম্ভাবনার ঠিকানা। সময়ের পরিবর্তনে শিক্ষার ধরন বদলেছে, বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা, কিন্তু কারমাইকেল কলেজের ঐতিহাসিক গুরুত্ব ও উত্তরাঞ্চলের মানুষের আবেগে এর অবস্থান আজও অটুট।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com