লালমনিরহাটে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট:

লালমনিরহাট সদর উপজেলায় দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে।

​আজ মঙ্গলবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ।

​হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন— সদর থানার উপপরিদর্শক (এসআই) এমরান আলী, নায়েক আনোয়ার হোসেন, কনস্টেবল মামুন ইসলাম, কনস্টেবল লিটন মিয়া এবং কনস্টেবল শাহনাজ আক্তার।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে একটি ব্যাটারিচালিত রিকশা লালমনিরহাটের বড়বাড়ীর দিকে আসছিল। পথে আমতলা এলাকায় পৌঁছালে পাঁচ ব্যক্তি রিকশাটির গতি রোধ করে। এ সময় রিকশাচালকের সঙ্গে তাদের প্রথমে বাকবিতণ্ডা ও একপর্যায়ে মারামারি শুরু হয়। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে রিকশাচালক এরশাদুল হক ও রফিকুল ইসলাম অপু (৩৫) নামের এক যুবককে আটক করলেও বাকি চারজন পালিয়ে যান। পরবর্তীতে বিষয়টি জানিয়ে স্থানীয়দের মধ্য থেকে ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া হয়।

​খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই যুবককে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের একটি পক্ষ বাধা দেয়। তারা বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করার দাবি জানান। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা চড়াও হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​আহত পাঁচ পুলিশ সদস্যকে রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

​আটককৃতদের মধ্যে রফিকুল ইসলামের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামে, তিনি মৃত শওকত আলীর ছেলে। অন্যজন এরশাদুল হক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

​ঠিক কী নিয়ে দুই পক্ষ বিরোধে জড়িয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

এ বিষয়ে সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, "আমরা বিষয়টি খতিয়ে দেখছি। প্রাথমিক তথ্য অনুযায়ী, পালিয়ে যাওয়া চারজনের বাড়ি সদর উপজেলার বড়বাড়ী এলাকায়। তাদের পরিচয় উদ্ধার ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।"

​তিনি আরও জানান, সরকারি কাজে বাধা দান এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com