খুকৃবিসাসের নতুন নেতৃত্বে নাজমুস সাকিব, সদস্য সচিব রসুল খান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:১৪ এএম
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুকৃবিসাস) সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনতে ছয় সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী তিন মাসের জন্য গঠিত এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুস সাকিব এবং সদস্য সচিব হয়েছেন মো. রসুল খান।
সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত ছয় সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসেবে নাজমুস সাকিব, যুগ্ম আহ্বায়ক হিসেবে তাওহীদ হাসান পিয়াল এবং সদস্য সচিব হিসেবে মো. রসুল খান দায়িত্ব পেয়েছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. রাজিবুল হোসেন তানিম, রেজওয়ান আহমেদ রাকিব ও উমাইয়া আহমেদ।
নবনিযুক্ত আহ্বায়ক নাজমুস সাকিব বলেন, “খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও সম্মানের। এই দায়িত্বকে আমি শুধু একটি পদ হিসেবে নয়, বরং ক্যাম্পাসের শিক্ষার্থীদের কথা, সমস্যা, সম্ভাবনা ও অর্জন তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছি। সবার সম্মিলিত সহযোগিতায় সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে তুলতে চাই। পাশাপাশি সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখতে কাজ করব।”
সদস্য সচিব মো. রসুল খান বলেন, “সাংবাদিক সমিতির কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করাই আমাদের প্রধান লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, সমস্যা ও সম্ভাবনার কথা বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরতে আমরা কাজ করতে চাই। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিক সমিতি গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।”
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী তিন মাসের জন্য এ কমিটি খুকৃবিসাসের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও সচল রাখবে। একই সঙ্গে এ সময়ের মধ্যে সংগঠনের পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
উল্লেখ্য, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা বিকাশ, ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, শিক্ষার্থীদের সমস্যা, সম্ভাবনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরার লক্ষ্যে কাজ করে যাচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুকৃবিসাস)।