মিঠাপুকুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: মামলার প্রধান আসামি গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি: 

রংপুরের মিঠাপুকুরে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলায় প্রধান আসামি রিপন চন্দ্র বর্মন (২৬)-কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-১৩-এর রংপুরের সিপিএসসি-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার রিপন চন্দ্র বর্মন মিঠাপুকুর থানার কাঁঠালী মধ্যপাড়া এলাকার রাখাল চন্দ্র বর্মনের ছেলে। তিনি এ মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১১টার দিকে ভুক্তভোগী কিশোরী নিজ বাড়িতে চৌকিতে শুয়ে মোবাইল ফোনে গান শুনছিল। এ সময় তার বাবা পাশের একটি ঘরে ঘুমাচ্ছিলেন। অভিযোগ অনুযায়ী, ওই সময় রিপন গোপনে বাড়িতে প্রবেশ করে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর চিৎকার শুনে তার বাবা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি মিঠাপুকুর থানার মামলা নম্বর-০৭।

এসআরবি-১৩ জানায়, মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com