সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম
মোঃ সিফাত মাহমুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলায় অবৈধ সৌঁতিজালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার চামারী ইউনিয়নের নুরপুর, কালিনগর ও বিলদহর এলাকার আত্রাই নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নদীতে স্থাপিত ছয়টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধভাবে সৌঁতিজাল স্থাপনের ফলে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নদ-নদীর স্বাভাবিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ সৌঁতিজালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নদীতে অবৈধভাবে মাছ ধরার সরঞ্জাম স্থাপন থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।