নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

কুবি প্রতিনিধি: 

সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাশকতা, অপতৎপরতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে আনসার ক্যাম্প, দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ছাত্রদলের নেতারা।

বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, “সারাদেশে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ও নিষিদ্ধ ছাত্রলীগ অপতৎপরতা ও নাশকতা চালাচ্ছে। এসবের প্রতিবাদে আমরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী সতর্ক এবং সজাগ রয়েছে। ছাত্রলীগের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে কুবি ছাত্রদল সদা জাগ্রত।”

তিনি আরও বলেন, “যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই শান্ত ক্যাম্পাসকে অশান্ত করতে চায় কিংবা কোনো নাশকতা করার পরিকল্পনা করে, তাহলে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। মনে রাখতে হবে, এই হায়েনাদের হাতে আমার হাজারো ছাত্র ভাই-বোনের রক্ত লেগে আছে। অগণিত মানুষের জীবন নিয়েছে এই সন্ত্রাসীরা। এদের কোনো রক্ষা নেই, এই ক্যাম্পাসে এদের কোনো অস্তিত্বও টিকে থাকবে না।”

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com