জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা সেই নেতাকে দল থেকে বহিষ্কার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ হিসেবে উল্লেখ করায় জিয়া পরিষদের পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।
রোববার জিয়া পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে সোমবার দুপুরে জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম বকুল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে সম্বোধন করেন।
এতে মিলনায়তনে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং হট্টগোলের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে তাকে ডায়াস থেকে নামিয়ে দেওয়া হয়।
পরবর্তীতে বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জিয়া পরিষদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মারুফ হাসানের এ ধরনের সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৮ নভেম্বর থেকে তাকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হলো।
বহিষ্কারের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে মারুফ হাসান বলেন, “আমি বরাবরই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। মাঝে অসুস্থতার কারণে কিছুটা নিষ্ক্রিয় থাকতে হয়েছিল।
সেদিন বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত কিছু ভুল শব্দচয়ন হয়েছিল, কিন্তু আমি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না।”
এদিকে একই অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ব্যানারে না থাকা এবং মারুফ হাসানের বক্তব্যের সময় জেলা প্রশাসকের নীরব ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে জেলা ছাত্রদল।
ঘটনার দিন সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় জেলা প্রশাসকের (ডিসি) প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি।