পোরশায় ফার্নিচারের দোকানে চুরি, দুই পেশাদার চোর গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় ফার্নিচারের দোকানে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর দুপুর ১টা থেকে আড়াইটার মধ্যে উপজেলার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজারে অবস্থিত ‘কাঠ ফার্নিচার’ নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকান থেকে কাঠ কাটার একটি বৈদ্যুতিক মেশিন, একটি হ্যান্ডস মেশিন, একটি কাঠ চাঁছার মেশিন এবং ১৮টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ৭৯ হাজার টাকা।

এ ঘটনায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশ চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে স্থানীয়দের সহায়তায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে মোঃ দেলোয়ার হোসেন (৩৫) ও মোঃ সাজু বাবু (৩৭) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন পোরশা উপজেলার ঘাটনগর মোল্লাপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে এবং সাজু বাবু পত্নীতলা উপজেলার মাটিন্দর এলাকার মৃত মজিবরের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া একটি কাঠ কাটার বৈদ্যুতিক মেশিন, একটি হ্যান্ডস মেশিন ও একটি পুরোনো সিলিং ফ্যানের পাখাবিহীন বডি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com