ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক, মোটরসাইকেল জব্দ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ১২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মোঃ নুরুজ্জামান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার বস্তাবর দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬২/২-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন নুরুজ্জামানকে আটক করে তার কাছ থেকে ১২ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকৃত নুরুজ্জামান উপজেলার মল্লাই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে জব্দ করা মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবির এ তৎপরতা চলমান থাকবে।
আরও পড়ুন
ঢাকা বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হওয়ায় নাজমুন আরা সুলতানাকে দিশারীর ফুলেল শুভেচ্ছা
পোরশায় ফার্নিচারের দোকানে চুরি, দুই পেশাদার চোর গ্রেপ্তার
চুনারুঘাটে সালিশে বিরোধের অবসান: মামলা প্রত্যাহারের শর্তে বাদি-বিবাদের আপোষ