দিনাজপুরে এসআরবি সদস্য পরিচয়ে প্রতারণা, ঠাকুরগাঁওয়ে অভিযানে গ্রেফতার ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি:
দিনাজপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) গোয়েন্দা সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মোঃ মিরাজুল ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি-১৩। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চতুরাখোর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিরাজুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ ফরিদপুর (হাজেরাপুকুর) এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, দিনাজপুরের কোতয়ালী থানার ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস হাই স্কুলের পাশে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন এ কে এম মোজাহারুল ইসলাম। গত ১৯ অক্টোবর রাত ১০টা ৫০ মিনিটের দিকে এক ব্যক্তি তার দোকানে এসে নিজেকে এসআরবির দিনাজপুর ক্যাম্পের গোয়েন্দা সদস্য পরিচয় দেন। তিনি ক্যাম্পের ক্যান্টিনের জন্য ছয়টি এলপিজি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলা প্রয়োজন বলে জানান।
পরদিন ওই ব্যক্তি আবার দোকানে এসে মালামাল নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিলে মূল্য পরিশোধ করবেন বলে জানান। তার কথায় বিশ্বাস করে দোকানের ভ্যানচালকের মাধ্যমে ছয়টি গ্যাস সিলিন্ডার ও একটি চুলা পাঠিয়ে দেন ব্যবসায়ী। কিন্তু মালামাল পৌঁছে দেওয়ার পর ওই ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ করে দেন। এতে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে ভুক্তভোগী গত ৩০ অক্টোবর দিনাজপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৮৫।
ঘটনাটি তদন্তে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার ভোরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন চতুরাখোর গ্রামে অভিযান চালিয়ে মামলার আসামি মিরাজুল ইসলামকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিরাজুল বিভিন্ন সময়ে দিনাজপুর, রংপুরসহ বিভিন্ন এলাকায় এসআরবি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড চালানোর কথা স্বীকার করেছে বলে জানায় এসআরবি।
গ্রেফতার আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।