চট্টগ্রামে মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ আটক ৫

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে বোঝাই করা ৭০ টন সিমেন্টসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।

মঙ্গলবার (১০ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ৭০ হাজার কেজি (৭০ টন) সিমেন্ট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ পাঁচজনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com