ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে দৌলতপুরে বিএনপির বিক্ষোভ, রাজপথে প্রতিহতের ঘোষণা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

সোহেল রানা খন্দকার, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে মানিকগঞ্জের দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয় । মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় ।

এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ ।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালেহউদ্দিন সেলিম ও সদস্যসচিব আব্দুস ছালাম ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হোসেন, থানা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির এলিট ও সরকারি মতিলাল কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের কোনো ধরনের নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ড দৌলতপুরে বরদাশত করা হবে না। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন ।

তারা আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com