চমেক হাসপাতালে স্যান্ডরের ডায়ালাইসিস সেবা বন্ধের শঙ্কা, রোগী-স্বজনদের মানববন্ধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্যান্ডরের ডায়ালাইসিস সেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় মানববন্ধন করেছেন চিকিৎসাসেবাগ্রহীতা রোগী ও তাঁদের স্বজনেরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্যান্ডরের ডায়ালাইসিস কেন্দ্রে নিয়মিত চিকিৎসা নেওয়া রোগী ও তাঁদের স্বজনেরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, বর্তমানে চমেক হাসপাতালের স্যান্ডর ডায়ালাইসিস কেন্দ্রে ২৭৬ জন রোগী নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। সরকারি ভর্তুকির কারণে প্রতিবার মাত্র ৬২১ টাকায় ডায়ালাইসিস করার সুযোগ পাচ্ছেন তাঁরা। অথচ বেসরকারি হাসপাতালে একই সেবা নিতে খরচ হয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা।
বক্তারা বলেন, একজন কিডনি রোগীর সপ্তাহে দুই থেকে তিনবার ডায়ালাইসিসের প্রয়োজন হয়। ফলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া অনেক রোগীর পরিবারের পক্ষে আর্থিকভাবে অসম্ভব। এ অবস্থায় স্যান্ডরের সেবা বন্ধ হয়ে গেলে অসংখ্য রোগী চরম সংকটে পড়বেন।
মানববন্ধনে অংশ নেওয়া এক রোগীর স্বজন বলেন, এই কেন্দ্রে চিকিৎসা নেওয়া অধিকাংশ রোগীই আর্থিকভাবে অসচ্ছল। কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে তাঁদের চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। তাই সরকারকে দ্রুত স্যান্ডরের সঙ্গে চুক্তি নবায়ন করে বর্তমান সেবা অব্যাহত রাখার দাবি জানান তিনি।
আরেক রোগীর স্বজন বলেন, কেন্দ্রটির কর্মকর্তা, টেকনিশিয়ানসহ সব কর্মীর সেবার মান ভালো। দীর্ঘদিন ধরে রোগীরা এখান থেকে স্বল্প খরচে চিকিৎসা নিচ্ছেন। সরকার যদি কেন্দ্রটি অন্য কোথাও স্থানান্তরের পরিকল্পনা করে, তাহলে আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নতুন ব্যবস্থায় একই মানের চিকিৎসাসেবা ও বর্তমান খরচ বহাল রাখতে হবে। বিকল্প ব্যবস্থা চালু না করে কোনোভাবেই বর্তমান সেবা বন্ধ করা উচিত হবে না।
বক্তারা আরও জানান, চট্টগ্রাম ও ঢাকার স্যান্ডর পরিচালিত কেন্দ্রগুলোতে প্রায় ৫০০ রোগী স্বল্প খরচে ডায়ালাইসিসের সুযোগ পাচ্ছেন। চমেক হাসপাতালের নিজস্ব জনবল সংকটের কারণে পুরো সেবার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলে চিকিৎসার মান ও ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বর্তমান কেন্দ্রেই স্যান্ডরের মাধ্যমে ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।
এদিকে, সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবা চালুর প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের দুটি কেন্দ্রে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের সঙ্গে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। কিডনি রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্যান্ডরের সঙ্গে ডায়ালাইসিস চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
প্রসঙ্গত, আগামী ১৯ নভেম্বর সরকারের সঙ্গে স্যান্ডরের ১০ বছর মেয়াদি চুক্তির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্তের ফলে আপাতত রোগীদের ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখার সুযোগ তৈরি হয়েছে।