মানিকগঞ্জে বাসে আগুন, ১০ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১০

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জে পার্কিং করে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগ এবং জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে । এ ছাড়া কয়েকটি স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে । এসব ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে । পরে রাতভর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জ সদর থানা-পুলিশের হাতে ছয়জন, জেলা গোয়েন্দা পুলিশের হাতে দুজন এবং সিংগাইর ও দৌলতপুর থানা-পুলিশের হাতে একজন করে আটক হয়েছেন । তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়ের সামনে, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি, ঘিওর বাসস্ট্যান্ড, ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া, ধলেশ্বরী সেতু, জাগীর সবজির আড়ত ও নয়াডিঙ্গী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে । এ ছাড়া সাটুরিয়া, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে ।

একই রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা । এতে বাসটি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । তিনি বলেন, জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে ।

এসব ঘটনার পর জেলাজুড়ে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে । ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com