গঙ্গাচড়া সরকারি কলেজের ফটকে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আটক ৪
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
রফিকুল ইসলাম সাবুল, রংপুর প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের প্রধান ফটকের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
আটক ব্যক্তিরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার মনিরামপুর এলাকার রাকিবুজ্জামান রাকিব, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকার আসয়োত মুবিন স্বরূপ, গঙ্গাচড়া উপজেলার পূর্ব মধ্যপাড়া এলাকার আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয় এবং রংপুর নগরের পাগলাপীর মহাদেবপুর এলাকার নাহিদ হোসেন।
আটক শাহরিয়ার হৃদয় উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশেকুজ্জামান লিটনের ছেলে বলে জানা গেছে।
গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।