সিঙাড়া না পেয়ে ক্যান্টিন কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামের এপিক হেলথ কেয়ারের ক্যান্টিনে সিঙাড়া না পেয়ে এক কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে ডা. জাস্টিন ক্লাম্প নামের এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ক্যান্টিনের নারী কর্মীদের সামনেই তিনি এ ঘটনা ঘটান। এতে অসুস্থ হয়ে পড়েন ভুক্তভোগী কর্মচারী। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চিকিৎসক এপিক হেলথ কেয়ারে নিয়মিত আল্ট্রাসনোগ্রাফি করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ডা. জাস্টিন ক্লাম্প নিয়মিত এপিকের ক্যান্টিন থেকে সিঙাড়া খেয়ে থাকেন। মঙ্গলবার দুপুরে ক্যান্টিনে গিয়ে সিঙাড়া না পেয়ে তিনি ক্ষুব্ধ হন। একপর্যায়ে ক্যান্টিনের এক কর্মচারীকে নিজের কাছে ডেকে পাঠান। ওই কর্মচারী সেখানে গেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় চিকিৎসক নিজের প্যান্টের জিপার খুলে নারী কর্মীদের সামনেই ওই কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী কর্মচারী অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার রাত ৮টার দিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে আবারও এপিক হেলথ কেয়ারে আনা হয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত চিকিৎসক ডা. জাস্টিন ক্লাম্প অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আপনি কি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন? কিছু জানার থাকলে তাঁদের কাছেই জিজ্ঞেস করেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে এপিক হেলথ কেয়ারের পরিচালক (অপারেশন) আব্দুর রাজ্জাক বলেন, এমন একটি ঘটনার অভিযোগ নিয়ে একজন ক্যান্টিন কর্মচারী তাঁর কাছে এসেছেন। বিষয়টি জানার পরপরই তিনি ভুক্তভোগীর চিকিৎসার ব্যবস্থা করেছেন। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।