ছুরিকাহত স্কুলছাত্রীর চিকিৎসার খোঁজ নিল জেলা প্রশাসন, পাশে থাকার আশ্বাস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে আহত দশম শ্রেণির এক স্কুলছাত্রীর চিকিৎসার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জেলা প্রশাসন। শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিত করা এবং পরিবারের প্রয়োজনীয় সহযোগিতায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্দেশনায় আহত শিক্ষার্থীর চিকিৎসার অগ্রগতি সরেজমিনে দেখতে কুষ্টিয়া সদর হাসপাতালে যান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন। সেখানে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসাসংক্রান্ত বিস্তারিত তথ্য নেন।

এ সময় তিনি আহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এর আগে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তাও হাসপাতালে গিয়ে শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজ নেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত শিক্ষার্থীর চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানে প্রশাসন আন্তরিকভাবে পাশে থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবারের প্রতি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর কুষ্টিয়া শহরে নিজ বাড়ির সামনে দশম শ্রেণির ওই স্কুলছাত্রী ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com