মাদকের থাবা রুখতে মাঠে তরুণরা: ধারকীতে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার ঠেকাতে খেলাধুলাকে হাতিয়ার করে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম।
‘মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ধারকী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘ঘোনাপাড়া শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২৬’।
স্থানীয় ঘোনাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবীণ নাগরিক মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বম্বু ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: ফিরোজ আলম মন্ডল। তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মাঠের খেলাধুলার বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৭নং বম্বু ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাজু, জর্জিস, যুবদল নেতা জিল্লুর রহমান এবং ইউপি সদস্য সুলতান নাছির উদ্দীন। পুরো আয়োজনের ধারাবর্ণনায় ছিলেন রাসেল আল রশিদ।
দিনব্যাপী এ খেলায় স্থানীয় যুবসমাজ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। যুবসমাজকে বিপথগামিতা থেকে ফিরিয়ে আনতে এমন ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন স্থানীয় সচেতন মহল।