কেআইবি জয়পুরহাট জেলা কমিটির সভাপতি মনজু, সম্পাদক মোস্তাফিজুর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), জয়পুরহাট জেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাটের উপপরিচালক কৃষিবিদ মোঃ মনজু আলম সরকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোনালী ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার এজিএম কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার ১০ নভেম্বর জয়পুরহাট চিনিকল গেস্ট হাউসে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ খবির উদ্দিন মোল্লা। সভায় উপস্থিত কৃষিবিদগণ সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য এ নেতৃত্ব নির্বাচন করেন এবং নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান।

এ সময় কৃষিবিদদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মোঃ মনজু আলম সরকার ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

একই সাথে সংগঠনের উন্নয়ন, কৃষিবিদদের সর্বাঙ্গীণ কল্যাণ এবং দেশের সামগ্রিক কৃষি ও কৃষকের অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সাধারণ সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত বিপুলসংখ্যক কৃষিবিদ উপস্থিত ছিলেন।

উপস্থিত সদস্যরা নতুন কমিটির সার্বিক সাফল্য ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com