জুলাই গণঅভ্যুত্থানে জাবিতে হামলার মদদদাতা শিক্ষকদের বিচারসহ ৬ দফা দাবি ছাত্রশক্তির

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

জাবি প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের উপর হামলায় মদদদাতা ও অভিযুক্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাসহ জড়িতদের পুনঃতদন্তের মাধ্যমে বিচার নিশ্চিতসহ ক্যাম্পাস সংস্কারের ছয় দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

তাদের ছয় দফা দাবির অন্যান্য দাবিগুলো হলো, অবিলম্বে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা; একাডেমিক নিপীড়নে জড়িত শিক্ষকদের বিচার, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, সকল বিভাগে মানোন্নয়ন পরীক্ষা এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ চালু করা; ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করা; পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার অফিস ও কেন্দ্রীয় লাইব্রেরিসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অটোমেশনের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন করা।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, দেশে ও ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তায় নিষিদ্ধ ছাত্রলীগ নির্বিঘ্নে ক্যাম্পাসে অরাজকতা তৈরির চেষ্টা করছে। বর্তমান প্রশাসন নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করে ক্যাম্পাসে পেশিশক্তির রাজনীতি কায়েমের চেষ্টা করছে। প্রশাসন যদি সকল শিক্ষার্থীর অধিকার নিশ্চিত না করে এভাবেই পেশিশক্তির ওপর নির্ভর করে, তবে ক্যাম্পাসে আবারও ১৭ই জুলাইয়ের মতো গণঅভ্যুত্থান তৈরি হবে।

জাবি শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, ক্যাম্পাসের সার্বিক সংস্কার ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে জাতীয় ছাত্র শক্তি ৬ দফা দাবি উত্থাপন করেছে। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারী শিক্ষক-শিক্ষার্থীদের বিচার, অবিলম্বে ১১তম জাকসু নির্বাচন এবং শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করা অন্যতম। কিন্তু পূর্বেও এসব দাবি জানিয়ে আসলেও বর্তমান প্রশাসন এসব দাবি বাস্তবায়নে এবং দোষীদের বিরুদ্ধে তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে দৃশ্যত কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

তিনি আরও জানান, ক্যাম্পাসে সংঘটিত ধর্ষণ ও হত্যাচেষ্টার মতো জঘন্য ঘটনার ১৮২ দিন পার হলেও প্রশাসন এখনো অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে পারেনি। উল্টো জুলাই হামলায় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসের আশপাশে অবস্থান করে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন ও প্রশাসনিক অটোমেশন অবিলম্বে কার্যকর করার জোর দাবি জানাচ্ছি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com