চট্টগ্রামে ২২ বছর পর ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামের ফটিকছড়িতে রোজি আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে ২২ বছর পর গ্রেপ্তার করেছে এসআরবি-৭। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাছির (৪৮) ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার আমির হোসেনের ছেলে।
এসআরবি-৭-এর হাটহাজারী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাছিরের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তিনি নিজের পরিচয় গোপন করে মো. আজম নামে চলাফেরা করতেন। ২০০৪ সালের পর দীর্ঘ সময় তিনি ওমানে অবস্থান করেছিলেন।
এসআরবি সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১৬ মে ফটিকছড়িতে নিজ বাড়ির দক্ষিণ পাশে একটি মান্দারগাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রোজি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদনে তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
পরে নিহত রোজির বড় ভাই আবু তাহেরের অভিযোগের ভিত্তিতে একই বছরের ২ জুলাই ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ঘটনার আগের রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে রোজিকে জোর করে একটি দোকানে নিয়ে ধর্ষণ করেন আসামি আবদুল মান্নান ও নাছির। পরে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যাওয়ার পথে তাঁকে আবার ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর সহযোগী দুই আসামির সহায়তায় মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
দীর্ঘ ২২ বছর পলাতক থাকার পর অবশেষে নাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।