কদমতলীতে মবিলের গুদামে আগুন, ২০ মিনিটে নিয়ন্ত্রণে; আতঙ্কে এলাকাবাসী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরের কদমতলী পোড়া মসজিদ এলাকায় মবিলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের সময় গুদাম থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রথমে তাঁদের জানানো হয়েছিল, একটি টায়ারের দোকানে আগুন লেগেছে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, আগুন লেগেছে একটি তেলের গুদামে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও বলেন, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এ ধরনের তেলের গুদাম থাকা কোনোভাবেই সমীচীন নয়। এতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই গুদামে মবিল মজুতের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের নকল ও নিম্নমানের মবিল কনটেইনারে ভরার কাজ করা হতো। সেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি ছিল অত্যন্ত বেশি। নকল মবিল তৈরির সঙ্গে বাইরের লোকজন জড়িত বলেও দাবি তাঁদের।
স্থানীয়দের মতে, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ গুদাম পরিচালনা জননিরাপত্তার জন্য বড় হুমকি। যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তাই বড় ধরনের বিপর্যয় এড়াতে আবাসিক এলাকা থেকে ঝুঁকিপূর্ণ তেলের গুদাম ও দাহ্য পদার্থের অবৈধ মজুত সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
অগ্নিকাণ্ডের পর নতুন করে আবাসিক এলাকায় দাহ্য পদার্থের গুদামের নিরাপত্তা, অনুমোদন ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এসব গুদামের বৈধতা ও নিরাপত্তাব্যবস্থা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।