নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১০.১১.২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “সচেতন হই, আত্মবিশ্বাসী হই, আত্মউন্নয়নের পথে এগিয়ে চলি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাঠে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সহস্রাধিক ছাত্রী ও শিক্ষক অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

প্রধান অতিথি বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, আত্মসম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি, নির্যাতন ও বখাটেপনা প্রতিরোধ, পড়াশোনায় মনোযোগ, ক্যারিয়ার পরিকল্পনা, সুস্থ সম্পর্ক ও সহনশীল আচরণসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি জানান, বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীদের সঠিক দিক নির্দেশনা ও মানসিক সহায়তা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ইতিবাচক অভ্যাস ও সুস্থ জীবনবোধ গড়ে তুলতে পারলে তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠার পাশাপাশি কুসংস্কার ও নেতিবাচক প্রবণতা থেকে দূরে থাকতে পারবে।

এছাড়াও তিনি মোবাইল ফোন ব্যবহারের কুফল, বয়ঃসন্ধিকালে আবেগের বশে প্রেমে আসক্ত না হওয়া, মাদকের ভয়াবহতা, বাল্যবিয়ে, গুড টাচ ও ব্যাড টাচ, ইভটিজিংসহ সামাজিক নানা প্রতিবন্ধকতা ও তা থেকে উত্তরণের উপায়সহ শিক্ষার্থীদের সাফল্য অর্জনে অনুপ্রেরণামূলক কথা বলেন। এ সময় শিক্ষার্থীরা মাদক ও বাল্যবিয়েক না বলে সামনের দিনগুলোতে নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রীজীব কুন্ডু, সহকারী কমিনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট কাজী রীমা আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক, সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার নিখিল চন্দ্র বর্মণ, ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ওমর ফারুক, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com