প্রথম ধাপে চট্টগ্রামের ৫৩ ইউপিতে নির্বাচন, প্রস্তুতি চার উপজেলায়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে প্রাথমিকভাবে চট্টগ্রামের উত্তরাঞ্চলের চার উপজেলার ৫৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। উপজেলাগুলো হলো—মিরসরাই, সন্দ্বীপ, হাটহাজারী ও সীতাকুণ্ড। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রথম ধাপে উত্তর চট্টগ্রামের চার উপজেলায় নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচনী তফসিল ঘোষণার সময় এ তালিকায় পরিবর্তন আসতে পারে। দ্বিতীয় ধাপে উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম মিলিয়ে শতাধিক ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।
চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমদ গতকাল পূর্বকোণকে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে। নির্বাচন কমিশন যখন যে সিদ্ধান্ত দেবে, সেভাবে নির্বাচনের আয়োজন করা হবে।’ তিনি আরও বলেন, নির্বাচনের জন্য ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও ভোটকক্ষ প্রস্তুত রয়েছে। তফসিল ঘোষণার পর ভোটগ্রহণের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে।
চট্টগ্রামের ১৮৯ ইউপি নির্বাচন উপযোগী
নির্বাচন কমিশন সূত্র জানায়, চট্টগ্রামের ১৫ উপজেলায় মোট ১৯১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে ১৮৯টি নির্বাচনের উপযোগী। বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড পুনর্বিন্যাস করে পৃথক ইউনিয়ন গঠনের প্রস্তাব রয়েছে। অন্যদিকে সন্দ্বীপ উপজেলার উড়িরচরের সীমানা বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান। এসব জটিলতার কারণে ইউনিয়ন দুটিতে আপাতত নির্বাচন আয়োজনের উপযোগিতা নেই।
মিরসরাইয়ের ১৬ ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি
মিরসরাই উপজেলায় ১৬টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সবকটিতেই নির্বাচন আয়োজনের উপযোগিতা রয়েছে। ইউনিয়নগুলো হলো—করেরহাট, হিঙ্গুলী, জোরারগঞ্জ, ধুম, ওসমানপুর, ইছাখালী, কাটাছড়া, দুর্গাপুর, মিরসরাই, মিঠানালা, মঘাদিয়া, খৈয়াছড়া, মায়ানী, হাইতকান্দি, ওয়াহেদপুর ও সাহেরখালী।
সীতাকুণ্ডের ৯ ইউনিয়ন
সীতাকুণ্ড উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে। এগুলো হলো—সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, সোনাইছড়ি, কুমিরা, ভাটিয়ারী ও ছলিমপুর।
সন্দ্বীপের ১৪ ইউনিয়নে নির্বাচন উপযোগী
সন্দ্বীপ উপজেলায় মোট ১৫টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে উড়িরচরের সীমানা বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় বাকি ১৪টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের উপযোগিতা রয়েছে। ইউনিয়নগুলো হলো—বাউরিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানউল্যা, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধরা, হারামিয়া, দীর্ঘাপাড় ও কালাপানিয়া।
হাটহাজারীর ১৪ ইউনিয়নেও নির্বাচন
হাটহাজারী উপজেলায় ১৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সবকটিতেই নির্বাচনের উপযোগিতা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইউনিয়নগুলো হলো—ফরহাদাবাদ, ধলই, মির্জাপুর, গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, ফতেপুর, চিকনদণ্ডী, দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর।
স্থানীয় সরকার নির্বাচনের অপেক্ষায় জনপ্রতিনিধিশূন্য ইউপি
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ সদস্য, মন্ত্রী থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের অনেক জনপ্রতিনিধি আত্মগোপনে চলে যান। তাঁদের অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। পরবর্তী সময়ে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নির্বাচিত জনপ্রতিনিধির অনুপস্থিতি এবং নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন ঘটায় ইউনিয়ন পরিষদগুলোর নাগরিক সেবা কার্যক্রমেও নানা সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় পর্যায়ে জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার গঠনের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের তোড়জোড় শুরু হয়। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।