বাড়ির পাশে ছুরিকাঘাতে ১৮ মাদক মামলার আসামি নিহত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় বাড়ির পাশে ছুরিকাঘাতে আব্দুস সোবহান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস সোবহান নগরের বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকার নুর ইসলামের বাড়ির নুর ইসলামের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক সংবাদ মাধ্যমকে জানান, স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, তক্তারপুল এলাকায় নিজ বাড়ির পাশে পূর্বশত্রুতার জেরে আব্দুস সোবহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, নিহত আব্দুস সোবহানের বিরুদ্ধে অতীতে একাধিক মাদক ও হত্যা মামলার অভিযোগ ছিল বলে জানা গেছে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে ১৮টি মাদক মামলা ও একটি হত্যা মামলা ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৫ জুলাই বাকলিয়ার আরাকান রোডসংলগ্ন গাফফার কলোনি এলাকায় মাদক কারবারি মহিউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের পরিকল্পনায় আব্দুস সোবহানের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
পুলিশের দাবি, মাদক কারবারের নিয়ন্ত্রণ ধরে রাখতে ভাড়াটে খুনি দিয়ে বিদেশি অস্ত্রের মাধ্যমে মহিউদ্দিনকে হত্যা করান সোবহান। পরে তিনি নিজেই পুলিশকে ফোন করে হত্যাকারীকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারে সহায়তা করেন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের ৮ আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে এবার নিজেই ছুরিকাঘাতে প্রাণ হারালেন আব্দুস সোবহান। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।