কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্বশীলতা নিশ্চিত করার লক্ষ্যে রংপুরের কাউনিয়া উপজেলায় সামাজিক দায়বদ্ধতা বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার মিরবাগের ধর্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়। জননি প্রকল্পের আওতায় কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (KOICA) অর্থায়নে, সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতায় এবং আরডিআরএস বাংলাদেশের (RDRS Bangladesh) বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। এতে সভাপতিত্ব করেন ধর্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম।
বৈঠকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, কুর্শা ও সারাই ইউনিয়নের কিশোর-কিশোরী, অভিভাবক, কাজি, ইমাম ও পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৭৫ জন প্রতিনিধি অংশ নেন।
বৈঠকে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, প্রচলিত আইন, কিশোর-কিশোরীদের শিক্ষা ও অধিকার এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না। এ জন্য পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত সামাজিক উদ্যোগ প্রয়োজন। বাল্যবিবাহের কোনো ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিলে তা প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বৈঠকে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহবিরোধী সচেতনতা তৈরি, ঝুঁকিপূর্ণ ঘটনা শনাক্ত করা, দ্রুত প্রশাসনকে অবহিত করা এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে কাউনিয়া উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সমন্বয় বাড়বে। পাশাপাশি বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় নেতৃত্বের সম্মিলিত ভূমিকা আরও জোরদার হবে।