আক্কেলপুরে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগ: আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মী আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে আক্কেলপুর পৌর শহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৯টি মোটরসাইকেল ও ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের হাতেনাতে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন-আক্কেলপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কাজী আরাফাত হোসেন সঞ্জু, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ নাসিমুজ্জামান রকেট, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামিম হোসেন, পশ্চিম বিহারপুর এলাকার মোঃ রফিকুল ইসলাম, মোঃ সেলিম রেজা, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মাহাবুব হাসান সবুজ, মোঃ ইমরান হাসান ও মোঃ জাকির হোসেন, বিহারপুর কলেজপাড়ার মোঃ নাসির উদ্দিন বকুল, নওগাঁর বদলগাছী উপজেলার চকতাহের গ্রামের মোঃ সাখওয়াত হোসেন রনি, বিহারপুর কাজীপাড়ার মোঃ হারুনুর রশিদ জনি, পূর্ব আমুট এলাকার মোঃ সঞ্জীব শাহরিয়ার সোহাগ, মোঃ তানভীর আহমেদ সোহাগ হোসেন, আক্কেলপুর কলেজপাড়ার মোঃ সাঈদ হোসেন দোলন, মাস্টারপাড়ার মোঃ নাসরুল্লাহ, শ্রীকৃষ্টপুরের মোঃ নাজমুল হাসান নান্টু, কানুপুর হালির মোড় এলাকার মোঃ সাইফুল ইসলাম সাজ্জাদ এবং ভান্ডারীপাড়া হালির মোড় এলাকার মোঃ আল আমিন।

তবে পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাদের দাবি, কোনো ধরনের নাশকতার উদ্দেশ্য ছিল না; তারা সবাই কেবল একটি পিকনিকের আয়োজনের অংশ হিসেবেই সেখানে সমবেত হয়েছিলেন।

 

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com