পাঁচবিবিতে দিনদুপুরে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর লাখ টাকা ছিনতাই, এলাকায় চাঞ্চল্য

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রকাশ্য দিবালোকে ভুয়া র‍্যাব পরিচয়ে এক গরু ব্যবসায়ীর গতিরোধ করে নগদ ১ লাখ টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পাঁচবিবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গরু ব্যবসায়ীর নাম মো. সোলাইমান আলী (৪৫)। তিনি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে। ঘটনার পর তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্থানীয় হাট থেকে গরু কেনাবেচা শেষে বিক্রির নগদ ১ লাখ টাকা সঙ্গে নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন সোলাইমান আলী।

পথিমধ্যে পাঁচবিবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে পৌঁছামাত্র পেছন থেকে একটি মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত দুই অজ্ঞাত যুবক এসে তাঁর পথরোধ করে।

মুহূর্তের মধ্যেই তারা নিজেদের আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী র‍্যাবের সদস্য পরিচয় দেয়।

কোনো কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীর ওপর চড়াও হয়ে বিভিন্ন হুমকি ও ভীতি প্রদর্শন করে জোরপূর্বক তাঁর শরীর তল্লাশি শুরু করে দুর্বৃত্তরা। একপর্যায়ে সোলাইমান আলীর কাছে থাকা গরু বিক্রির সম্পূর্ণ নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে মোটরসাইকেল হাঁকিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী সোলাইমান আলী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভুয়া পরিচয়দানকারী ছিনতাইকারীদের শনাক্ত ও ছিনতাইকৃত টাকা উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পাঁচবিবি থানা পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তৎপরতা শুরু হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com