ক্যাম্পাস-সহ দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নাশকতা: নিন্দা জানিয়ে ইবি গ্রিন ফোরামের বিবৃতি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম

ওসমান গণি,ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের গ্রিন ফোরাম। মঙ্গলবার (১০ নভেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফেসবুকে জানান দিয়ে গত রাতে (৯ নভেম্বর) ছাত্রলীগের সন্ত্রাসীদের মাধ্যমে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ইবির ছাত্রীদের একটি বাসে পেট্রল বোমা নিক্ষেপ এবং ভোররাতে শাহ আজিজুর রহমান হলের পকেট গেটে হাতবোমা নিক্ষেপের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করে পড়াশোনার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।

বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিবাদের দোসর ও নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনগুলোর সন্ত্রাসীরা পুনরায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকায় তারা পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে।

নেতৃবৃন্দ বলেন, পরাজিত ও নিষিদ্ধ এই শক্তি দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট এবং জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করতে চোরাগোপ্তা হামলা ও নাশকতার পথ বেছে নিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও সতর্ক ও কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা।

প্রসঙ্গত, গত সোমবার রাতে ক্যাম্পাসগামী বাস গাড়াগঞ্জ এলাকা অতিক্রমের সময় কালো হেলমেট পরিহিত দুই মোটরসাইকেল আরোহী বাসের দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসময় বাসের নিচে ইঞ্জিনের পাশের অংশে আগুন দেখতে পান তারা। তখন চালক দ্রুত বাসের গতি বাড়িয়ে ঘটনাস্থল অতিক্রম করায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে মঙ্গলবার ভোর ৫টার দিকে ক্যাম্পাসের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পকেট গেইট এলাকায় বাইরে থেকে ভিতরের দিকে একটি হাতবোমা মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে সঙ্গেই প্রক্টরসহ নিরাপত্তা সেলের সদস্যরা হাতবোমাটি বিস্ফোরিত হওয়ার আগেই পানিতে ফেলে নিষ্ক্রিয় করেন। ফলে এতেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে নিরাপত্তা জোরদার করে কর্তৃপক্ষ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com