রাণীনগরে বিদ্যুৎ লাইনের ত্রুটি মেরামত করতে গিয়ে প্রাণ গেল লাইনম্যানের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে বিদ্যুৎ লাইনের ত্রুটি (ফল্ট) মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া (২৮) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার ১০ নভেম্বর রাত ৮টার দিকে উপজেলার ক্ষুদ্র কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রতন মিয়া নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাবনা জেলার চাটমোহর এলাকার আফজাল হোসেনের ছেলে।

রাণীনগর জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আবু হাসান জানান, ক্ষুদ্র কালিকাপুর এলাকায় বিদ্যুতের লাইনে ত্রুটি দেখা দিলে রাত ৮টার দিকে সেটি মেরামতের জন্য রতন ঘটনাস্থলে যান। কাজ করার একপর্যায়ে কোনো কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ওই এলাকায় পল্লী বিদ্যুতের পাশাপাশি নেসকোর বিদ্যুৎ লাইনও রয়েছে। ঠিক কী কারণে রতন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, কালিকাপুর এলাকায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় রতন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com