চট্টগ্রাম কাস্টমসের বিতর্কিত ১৪ ধারা প্রত্যাহারের দাবি, না হলে কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:২৬ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম কাস্টমসের ১০০ শতাংশ পণ্য পরীক্ষণের নামে জারি করা নতুন অফিস আদেশের বিতর্কিত ১৪টি ধারা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্ট নেতারা। এসব ধারা প্রত্যাহার করা না হলে প্রয়োজনে চট্টগ্রাম কাস্টমসের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ী নেতা ও সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধিরা এ দাবি ও হুঁশিয়ারি দেন।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম বলেন, কাস্টমসের সাম্প্রতিক নতুন অফিস আদেশের ১৪টি ধারা কোনোভাবেই ব্যবসাবান্ধব নয়। শতভাগ পণ্য পরীক্ষণের নামে অবাস্তব ও জটিল নিয়ম আরোপের মাধ্যমে সাধারণ ব্যবসায়ী ও আমদানিকারকদের অযথা হয়রানি করা হচ্ছে।

তিনি বলেন, এ ধরনের অযৌক্তিক সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউসে অপ্রয়োজনীয় জট সৃষ্টি হবে। এতে দেশের সামগ্রিক আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীদের হয়রানি বন্ধ না হলে কাস্টমসের সব কার্যক্রম স্তব্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে উপস্থিত অন্যান্য ব্যবসায়ী নেতারাও তাঁর বক্তব্যের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তাঁরা দ্রুত এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ এবং বিতর্কিত ধারাগুলো প্রত্যাহারের দাবি জানান।

এদিকে চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী বলেন, কাস্টমসের নতুন আদেশের ১৪টি ধারা বাস্তবায়িত হলে পণ্য খালাসের প্রক্রিয়া ধীর হয়ে পড়বে। এতে বন্দরে কনটেইনার জট তীব্র আকার ধারণ করতে পারে। পাশাপাশি ব্যবসায়ীদের সময় ও আর্থিক ব্যয় দুটোই বাড়বে।

তবে রাজস্ব সুরক্ষার স্বার্থে পণ্যের ওপর যথাযথ নজরদারি ও প্রয়োজনীয় কড়াকড়ি বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, মিথ্যা ঘোষণা কিংবা অবৈধ পণ্য আমদানির সুযোগ বন্ধে কার্যকর তদারকি জরুরি। তবে সেই প্রক্রিয়া হতে হবে বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের বাস্তব সমস্যা ও বন্দরের সক্ষমতা বিবেচনায় নিয়ে কাস্টমস কর্তৃপক্ষের উচিত দ্রুত নতুন প্রক্রিয়াটি পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে পণ্য খালাস সহজ করা।

ব্যবসায়ী নেতাদের দাবি, রাজস্ব আদায় ও পণ্য পরীক্ষণের নামে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য, বন্দর ব্যবস্থাপনা ও ব্যবসায়িক পরিবেশকে সংকটে ফেলে। তাই দ্রুত আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান না হলে চট্টগ্রাম কাস্টমসে অচলাবস্থার আশঙ্কা তৈরি হতে পারে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com