চট্টগ্রামে ৮ পিস্তল প্রদর্শন করে হুমকি, কিশোর গ্যাং নেতা ‘বুলেট’ গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:১৪ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

সামাজিক যোগাযোগমাধ্যমে সারিবদ্ধভাবে রাখা আটটি পিস্তলসহ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের এক নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’।

সোমবার (৯ নভেম্বর) নোয়াখালীর কবিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার শাওন চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে। পুলিশের দাবি, এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জেলা পুলিশ জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে সারিবদ্ধভাবে রাখা একাধিক আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অন্য একজনকে ভয়ভীতি ও হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রের উৎস এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অনুসন্ধান শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। একপর্যায়ে ভিডিওতে থাকা ব্যক্তিকে শনাক্ত করে নোয়াখালীর কবিরহাট থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন দাবি করেছে, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর র‌্যাব ওই ব্যক্তিকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও ওই অস্ত্রভাণ্ডার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে শাওন আরও জানিয়েছে, বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করত সে। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিওতে রেকর্ড করে রাখত। পরে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করত বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, শাওনের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ভীতি ছড়ানোর অভিযোগে ‘বুলেট’ গ্রেপ্তারের ঘটনাটি এলাকায় কিশোর গ্যাং ও অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com