চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:০৭ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

পাঠক, লেখক ও প্রকাশকদের মিলনমেলায় চট্টগ্রামে শুরু হয়েছে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচ দিনব্যাপী বইমেলা। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় নগরের এমএম আলী সড়কের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় চট্টগ্রামের খ্যাতনামা ২০টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল করিম প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা।

অনুষ্ঠানে বক্তব্য দেন পরিষদের সহসভাপতি ও প্রকাশক রেহানা চৌধুরী, সহসভাপতি ও শিশুসাহিত্যিক মিজানুর রহমান শামীম, অধ্যাপক ড. সৌরভ সাখাওয়াত, ছড়াকার সৈয়দ খালেদুল আনোয়ার, ছড়াকার উৎপলকান্তি বড়ুয়া, প্রাবন্ধিক তৌফিকুল ইসলাম চৌধুরী, কবি রুহু রুহেল, অনুবাদক ফারজানা রহমান শিমু, কবি লিপি বড়ুয়া, গবেষক সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, কবি বিদ্যুৎ কুমার দাস, কবি আলী প্রয়াস, প্রকাশক মিনহাজুল ইসলাম মাসুম, কবি আলমগীর হোসাইন, আবৃত্তিশিল্পী সিমলা চৌধুরী, কবি মারজিয়া খানম সিদ্দিকা, প্রকাশক আনিস সুজন, আলমগীরী ইমন, ছড়াকার গোফরান উদ্দীন টিটু, জিতেন্দ্র লাল বড়ুয়া, প্রকাশক নাফিস সাদেকিন, কবি মইন ফারুক, তসলিম খা ও মুক্তার হোসাইনসহ বিশিষ্টজনেরা।

মেলায় অংশ নেওয়া প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে রয়েছে স্বাধীন প্রকাশন, শৈলী প্রকাশন, রানা প্রকাশনী, শব্দশিল্প, চন্দ্রবিন্দু প্রকাশন, গাজী প্রকাশনী, রাদিয়া প্রকাশন, কালধারা প্রকাশনী, অক্ষরবৃত্ত প্রকাশন, ঝিলমিল, চর্চাগ্রন্থ প্রকাশ, সালফি পাবলিকেশন্স, সাহিত্য বিচিত্রা, প্রজ্ঞালোক প্রকাশনী ও বাংলাদেশ বুক কো-অপারেটিভ সোসাইটিসহ চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান। মেলার প্রথম দিন থেকেই এসব স্টলে পাঠক ও বইপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজকরা জানান, মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। তবে শুক্রবার ও শনিবার (১৩ ও ১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

বইমেলাকে কেন্দ্র করে প্রতিদিন মুক্তমঞ্চে থাকছে আলোচনা সভা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান ও আবৃত্তির আয়োজনের মধ্য দিয়ে বইমেলাকে পাঠক ও সংস্কৃতিপ্রেমীদের জন্য আরও প্রাণবন্ত করে তোলার উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।

উদ্বোধনী দিনের সাংস্কৃতিক আয়োজনে নৃত্য পরিবেশন করেন কাশফি আচার্য। সংগীত পরিবেশন করেন জাহানারা রহমান, সোহেল, সিমলা চৌধুরী, জুয়েল, রূপ ও রনীসহ শিল্পীরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com