১-২ কিলোমিটারের মধ্যে মাদ্রাসা ও কিন্ডারগার্টেন নির্ধারণে নীতিমালার দাবি ফারুকের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিবেদক, নওগাঁ। 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক থেকে দুই কিলোমিটারের মধ্যে কয়টি মাদ্রাসা ও ইসলামিক কিন্ডারগার্টেন গড়ে উঠতে পারবে, তা নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক।

​ঢাকা থেকে নোয়াখালী ফেরার পথে সেনবাগ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন শেষে সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ দাবি জানান।

​পোস্টে তিনি উল্লেখ করেন, পরিদর্শনকালে কিছু স্কুলে সন্তোষজনক উপস্থিতি দেখা গেলেও বেশ কিছু স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল আশঙ্কাজনকভাবে কম। পাশাপাশি প্রধান শিক্ষকের অনুপস্থিতি এবং কর্মঘণ্টায় শিক্ষকদের স্মার্টফোন ব্যবহারের মতো অপেশাদার আচরণের চিত্রও উঠে আসে।

​শিক্ষার্থীদের এমন কম উপস্থিতির কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কিলোমিটারের মধ্যেই তিন-চারটি করে মাদ্রাসা ও ইসলামিক কিন্ডারগার্টেন গড়ে উঠেছে। স্থানীয় শিক্ষকদের বরাতে তিনি লেখেন, করোনা মহামারির সময় সরকারি বিদ্যালয় বন্ধ থাকলেও মাদ্রাসাগুলো খোলা ছিল। ওই সময় থেকেই অভিভাবকরা সন্তানদের মাদ্রাসামুখী করতে শুরু করেন, যার প্রভাবে সরকারি প্রাথমিকে শিক্ষার্থী সংকট তৈরি হয়েছে।

​এ পরিস্থিতি নিরসনে সরজমিন তদারকি ও দূরত্ব অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণে নীতিমালা তৈরির জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান প্রবীণ এই রাজনীতিক। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পুরনো বিদ্যালয় ভবনগুলো দ্রুত সংস্কারের দাবিও জানান তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com