কুষ্টিয়া দৌলতপুরে অস্ত্র-গুলিসহ ‘চল্লিশ বাহিনীর’ সদস্য শিহাব গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও একটি বাটন মোবাইল ফোনসহ শিহাব (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিহাব ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার তৈয়ব উদ্দিনের ছেলে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি চরাঞ্চলের আলোচিত ‘চল্লিশ বাহিনীর’ একজন সদস্য।

এসআরবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া এসআরবি-১২-এর একটি দল চর সাদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শিহাবকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, শিহাবের বিরুদ্ধে দৌলতপুর ও ঈশ্বরদী থানায় হত্যা ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি চরাঞ্চলের ‘চল্লিশ বাহিনীর’ প্রধান রাখি বাহিনীর সদস্য হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

কুষ্টিয়া এসআরবি-১২-এর এফএস শরিফুল ইসলাম জানান, লেফটেন্যান্ট কর্নেল ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শিহাবকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে গ্রেপ্তার শিহাবকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com