চুনারুঘাটে অবৈধ বালু ও মাটি উত্তোলনের মহোৎসব: হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য, আতঙ্কে পথচারী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়িসহ বিস্তীর্ণ এলাকায় অবাধে অবৈধ বালু ও মাটি উত্তোলনের কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। 

দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাহাড়ি ছড়া, ফসলি জমি এবং প্রাকৃতিক উৎস থেকে বালু ও মাটি লুটে নিচ্ছে। 

মাঝেমধ্যে উপজেলা প্রশাসন অভিযান চালালেও থামছে না এই ধ্বংসযজ্ঞ। ফলে হুমকির মুখে পড়েছে স্থানীয় পাহাড়ি পরিবেশ, বনভূমি, ফসলি জমি ও জীববৈচিত্র্য।

ছুটির দিন ও রাতের অন্ধকারই মূল টার্গেট

স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু খেকো সিন্ডিকেটের মূল টার্গেট থাকে সরকারি ছুটির দিনগুলো। 

যেদিন সরকারি কর্মকর্তারা ছুটিতে থাকেন, সেদিন সকাল থেকেই শুরু হয় বালু কাটার উৎসব। আর প্রতিদিন অন্ধকার নামার সাথে সাথেই তাদের দৌরাত্ম্য কয়েক গুণ বেড়ে যায়। 

রাতের আঁধারে প্রশাসনের নজরদারির অভাবকে কাজে লাগিয়ে সিন্ডিকেটটি পুরো এলাকা অবলীলায় নিয়ন্ত্রণ করে।

অবৈধভাবে উত্তোলিত এই বালু ও মাটি পরিবহনে ব্যবহার করা হচ্ছে শত শত কাঁকড়া ট্রাক্টর। অন্ধকার হতেই শায়েস্তাগঞ্জ-দেউন্দী আঞ্চলিক সড়কে এসব ট্রাক্টরের বিকট 'জং জাং' শব্দে পুরো এলাকার পরিবেশ এক অন্যরূপ ধারণ করে।

 বেপরোয়া গতিতে চলাচলের কারণে এই সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের যাত্রী ও সাধারণ পথচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ফসলি জমি ও সুতাং নদীর চড়ও শেষ হচ্ছে চলতি শুষ্ক মৌসুমে শানখলা এলাকার ফসলি জমি, বিভিন্ন পাহাড়ি ছড়া এবং সুতাং নদীর চড় থেকে অবৈধ মাটি ও বালু উত্তোলন সীমাহীনভাবে বৃদ্ধি পেয়েছে। 

কৃষিজমি খুঁড়ে মাটি সাবাড় করায় আগামীতে ওই অঞ্চলে কৃষিজমি হ্রাসের পাচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, চুনারুঘাট ও শানখলা এলাকার বেশ কয়েকটি পয়েন্টে সিন্ডিকেটের সদস্যরা সবচেয়ে বেশি সক্রিয়। এর মধ্যে অন্যতম পয়েন্টগুলো হলো— পঞ্চাশ, বদরগাজী, মহিমাউড়া (পূর্ব), জাংগাল এবং পানছড়ি। এসব পয়েন্ট থেকে প্রতিদিন শত শত গাড়ি বালু ও মাটি পাচার হয়ে যাচ্ছে।

কাজের কাজ কিছুই হচ্ছে না এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন সময়ে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা বা যন্ত্রপাতি জব্দ করলেও থামছে না।

 প্রশাসনের লোক চলে যাওয়ার পর বা অভিযানের পরদিনই আবারও দ্বিগুণ উৎসাহে শুরু হয় বালু উত্তোলন। স্থায়ী ও কঠোর ব্যবস্থা না নেওয়ায় সরকারি সম্পত্তি ও প্রাকৃতিক পরিবেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষার্থে এই চক্রের বিরুদ্ধে অনতিবিলম্বে কঠোর ও নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শানখলা ইউনিয়ন ও চুনারুঘাটের সচেতন মহল।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com