কর্ণফুলীতে দুই হাত বাঁধা, গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলছিল যুবকের লাশ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের কর্ণফুলীতে দুই হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ‘এসপির ভিটা’ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম নুরুল আবছার (২৫)। তিনি ওই এলাকার আবদুর রহিমের ছেলে। পেশায় তিনি একজন সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ এবং চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে ওই নির্জন এলাকা দিয়ে যাওয়ার সময় এক পথচারী গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে কর্ণফুলী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

উদ্ধারের সময় নুরুল আবছারের দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বলেন, গাছ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

যুবকের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com